দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উড্ডয়নের ঠিক আগে উড়োজাহাজের ভেতরে সাপের সন্ধান পাওয়ায় বাতিল করা হয়েছে একটি ফ্লাইট। জাপানের ফুকুওকা বিমানবন্দরে জাপান এয়ার কমিউটারের একটি উড়োজাহাজে প্রায় ৪০ সেন্টিমিটার লম্বা সাপটি পাওয়া যায়।
সোমবার উড্ডয়নের প্রস্তুতির সময় উড়োজাহাজের ভেতরে কার্পেটের নিচে সাপটি দেখতে পান এক যান্ত্রিক কর্মী।
জাপান এয়ার কমিউটার জানিয়েছে, উড়োজাহাজের যাত্রীদের বসার কক্ষে সাপ ঢুকে পড়ার এমন ঘটনা আগে ঘটেছে বলে তাদের জানা নেই। সাপটি বন্য পরিবেশ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে সেটি উড়োজাহাজের কার্পেটের নিচে পৌঁছাল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেদিন দুপুর ১২টা ৫০ মিনিটে ফুকুওকা থেকে কাগোশিমা প্রদেশের উদ্দেশে উড়োজাহাজটির যাত্রা করার কথা ছিল। কিন্তু সাপের উপস্থিতি শনাক্ত হওয়ার পর ফ্লাইটটি বাতিল করা হয়। সাপটিকে ধরতে প্রাণী নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে।
জাপান এয়ারলাইনসের সহযোগী প্রতিষ্ঠান জাপান এয়ার কমিউটার জানিয়েছে, সাপটি বিষহীন এবং মানুষের জন্য ক্ষতিকর নয়। এ ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে গত জুনে মেক্সিকো থেকে যুক্তরাজ্যগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজেও সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। মাঝআকাশে উড়োজাহাজটির ভেতরে একটি মৃদু বিষধর সাপ ঘুরে বেড়াতে দেখা যায়। রাতের ওই যাত্রায় সাপটি কীভাবে উড়োজাহাজে উঠেছিল, তা জানা যায়নি। গ্যাটউইক বিমানবন্দরে অবতরণের পর এক পরিচ্ছন্নতাকর্মী সাপটি দেখতে পান।
ঘটনাটি জানাজানি হওয়ার পর উড়োজাহাজটির প্রকৌশলী ও প্রাণী বিশেষজ্ঞরা সাপটিকে খুঁজে বের করার চেষ্টা করেন। তবে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারটির ভেতরে তল্লাশি চালিয়েও সেটির সন্ধান পাওয়া যায়নি। যাত্রীদের কেউ সাপটি নিয়ে উড়োজাহাজে উঠেছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।
/অ